শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে।’ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন।
ফেসবুকে দেওয়া তার এই স্ট্যাটাসটি রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কাকে ইঙ্গিত করে তিনি এমন পোস্ট দিয়েছেন সেটি স্পষ্ট করেননি।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত আন্দালিব রহমান পার্থের এই পোস্টে লাইক পড়েছে ৭৫ হাজার। মন্তব্য পড়েছে অন্তত ২০ হাজার এবং শেয়ার হয়েছে আট হাজারের বেশি বার।
এদিকে জাহিদ হাসান তারেক নামে একজন মন্তব্য করেছেন, মানুষের জীবন পরিবর্তনশীল। একটা কলেজ এর অধ্যক্ষ হয়ে এ ধরনের হিংসাত্মক আচরণ বেমানান জনাব। এখন সে মাসে যথেষ্ট বেতন পায়।
সালেহ উদ্দিন সিফাত লেখেন, না ভাই। ওয়েস্টিনে কেবল আপনে এবং আপনের দলের লোকরা খাইতে পারবে!
এর আগে, বৃহস্পতিবার স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, মাঝেমধ্যে রাতে তার কাজ শেষ হতে ভোর হয়ে যায়। সে সময় বাসায় খাওয়া-দাওয়া দেওয়ার মতো কেউ না থাকায় তিনি বেশির ভাগ সময় ৩০০ ফুটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়, তখন তিনি যান গুলশানের ওয়েস্টিন হোটেলে।
তার এমন মন্তব্যের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়।