শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

প্রশ্ন: আজকাল বাজারে এমন অনেক ঘড়ি, কলিংবেল ও মোবাইল পাওয়া যায়, যেগুলোতে আজান, সালাম বা কোরআন তেলাওয়াতের সুর ব্যবহার করা হয়। এগুলোর মাধ্যমে ঘুম থেকে জাগানো, ঘরে প্রবেশের অনুমতি চাওয়া বা রিংটোন হিসেবে ব্যবহার করা হয়। জানতে চাই, শরিয়তের দৃষ্টিতে এগুলো ব্যবহার করা কি ঠিক?
উত্তর: কোরআন তেলাওয়াত, আজান এবং ইসলামের জিকির—এসবই অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ ইবাদত। এগুলোকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যথাযথ আদব ও সম্মান রক্ষা করে ব্যবহার করা উচিত। কলিংবেল, ঘড়ির অ্যালার্ম বা মোবাইলের রিংটোন হিসেবে আজান, জিকির বা কোরআনের আয়াত ব্যবহার করা এক ধরনের অসম্মানজনক কাজ। কারণ, এসব ব্যবহার পবিত্র বিষয়গুলোকে সাধারণ জাগতিক কাজের উপকরণ হিসেবে পরিণত করে। উদাহরণস্বরূপ, যখন অ্যালার্ম বাজে, তখন মানুষ দ্রুত বন্ধ করে দেয়, এতে হয়তো আজানের বা আয়াতের অর্থ বিকৃত হয়ে যায়। একইভাবে, মোবাইলে কল এলে রিংটোন হিসেবে ব্যবহৃত কোরআনের আয়াত বা জিকির অসম্মানজনকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এছাড়াও, মোবাইলে পবিত্র আয়াত সেট করলে তা অপবিত্র স্থানে, যেমন টয়লেটের ভেতরেও বেজে উঠতে পারে, যা আল্লাহতায়ালার পবিত্র নামের প্রতি চরম অসম্মান। শরিয়ত আজান, তেলাওয়াত ও জিকিরকে এই ধরনের জাগতিক উদ্দেশ্যে ব্যবহার করতে নিষেধ করেছে। এই ধরনের ব্যবহার পবিত্র জিনিসকে অমর্যাদা করার শামিল। তাই, এ ধরনের ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকা আবশ্যক।