শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর চাটখিল উপজেলায় বিরল এক ঘটনা ঘটেছে। সদ্য ঘোষিত সোনাপাড়া কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটিতে ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত এক শিক্ষার্থীকে সহ-সভাপতি পদে রাখা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমোদনে সোনাপাড়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় সহ-সভাপতি পদে স্থান পান মোঃ পারভেজ নামের এক শিক্ষার্থী। অথচ স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজ দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং বিভিন্ন কর্মসূচিতে তাকে অংশ নিতে দেখা গেছে।
ছাত্রদলের ঘোষিত এ কমিটির সভাপতি করা হয়েছে মোঃ হোসেন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মাইজুদ্দিন হায়দারকে। তবে তালিকায় ছাত্রলীগের কর্মীর নাম যুক্ত হওয়ায় ছাত্রদলের ভেতরেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করে বলেন—
“যে ব্যক্তি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়, তাকে কীভাবে ছাত্রদলের সহ-সভাপতি করা হলো? এটা সংগঠনের প্রতি চরম অবমাননা এবং ষড়যন্ত্র হতে পারে।”
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। অনেকে মন্তব্য করছেন, যাচাই-বাছাই না করেই কমিটি গঠন করায় এমন ভুল হয়েছে। কেউ কেউ আবার এটিকে ‘ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা’ বলেও অভিহিত করছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। তবে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিতর্কিত পদধারীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
চাটখিলের ছাত্ররাজনীতিতে এই ঘটনাটি এখন সর্বাধিক আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।