শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সম্প্রতি পাকিস্তানের সামাজিক মাধ্যমে এক বিতর্কিত দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলেরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ক্লাবে ডাইনিং করতে গিয়েছিলেন, যেখানে হালাল খাবারের ব্যবস্থা ছিল না এবং সেখানে “শূকরের মাংস পরিবেশন” করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কিন্তু এই পুরো ঘটনার পেছনে যে তথ্যটি ঘুরছে, সেটি আসলে ভিত্তিহীন ও ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
এই বিতর্ক শুরু হয় যখন চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি কথিত “কেটারিং গাইডলাইন” বা খাবারের নির্দেশিকা নথি ভাইরাল হয়। ওই নথিতে দাবি করা হয়, ক্যাপিটল হিল ক্লাব হালাল বা কোশার (ইহুদি ধর্মীয় বিধি অনুযায়ী) খাবার সরবরাহ করে না। দাবি করা হয়, ইমরান খানের ছেলেরা এই ক্লাবে ডাইনিং করেন এবং সেখানে ইসলামবিরোধী খাবার পরিবেশন করা হয়। এই পোস্টের জেরে পাকিস্তানে পিটিআই-বিরোধী গোষ্ঠীগুলো ইমরান পরিবারের ধর্মীয় মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলে।
ভাইরাল হওয়া তথাকথিত “কেটারিং গাইডলাইন” মূলত একটি ভুয়া বা এআই-জেনারেটেড নথি। এতে অসংখ্য বানান ভুল, ব্যাকরণগত ত্রুটি এবং অসম্পূর্ণ বাক্য রয়েছে। এসব ত্রুটি দেখে সহজেই বোঝা যায় যে এটি কোনো আনুষ্ঠানিক বা পেশাদার নথি নয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই নথির একাধিক চিহ্ন এটিকে সন্দেহজনক করে তোলে। যেমন—নথির ওপরে থাকা ক্লাবের লোগোটি অস্পষ্ট, বিকৃত এবং ক্যাপিটল হিল ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে থাকা লোগোর সঙ্গে মিল নেই। এছাড়া একটি ফেক ডকুমেন্ট যাচাই প্ল্যাটফর্মেও এই নথিটিকে “কম্পিউটার-জেনারেটেড বা সম্পাদিত” বলে শনাক্ত করা হয়েছে।
ক্যাপিটল হিল ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মেনু ও ক্যাটারিং নীতিমালায় কোথাও বলা হয়নি যে তারা হালাল বা কোশার খাবার সরবরাহ করে না। বরং, তারা অতিথিদের বিশেষ ডায়েটারি চাহিদা অনুযায়ী খাবার প্রস্তুতের সুযোগ রাখে। এমনকি ইচ্ছেমতো খাবার কাস্টমাইজ করার ব্যবস্থাও রয়েছে ক্লাবে।
ফলে যেসব পোস্টে বলা হয়েছে যে ক্লাবে হালাল খাবার সরবরাহ হয় না কিংবা সেখানে ‘শূকরের মাংস’ পরিবেশন করা হয়—এসব তথ্যকে সরাসরি ভুয়া ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য শুধুমাত্র ব্যক্তিপরিবার বা রাজনৈতিক দলের সম্মান ক্ষুণ্ন করে না, বরং সামগ্রিকভাবে ধর্মীয় অনুভূতিকে আঘাত করে ও রাজনৈতিক বিভাজন বাড়ায়।