শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ব্রিটেনের বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এ হামলার কারণে কোম্পানিটির গাড়ি উৎপাদন এবং খুচরা বিক্রি কার্যক্রম গুরুতরভাবে ব্যাহত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জেএলআর জানায়, ধাপে ধাপে ও নিয়ন্ত্রিতভাবে কার্যক্রম পুনরায় সচল করার চেষ্টা চলছে।
ভারতের টাটা মোটরসের মালিকানাধীন জেএলআর জানায়, সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যাতে হামলার প্রভাব সীমিত রাখা যায়। তবে এখন পর্যন্ত গ্রাহকের তথ্য ফাঁস বা চুরি হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি।
এই সাইবার হামলা এমন এক সময়ে ঘটল, যখন জুলাই মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, জেএলআর তাদের বৈদ্যুতিক রেঞ্জ রোভার ও জাগুয়ার মডেলের উন্মোচন স্থগিত করেছে। বাজারে চাহিদা বাড়া ও অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তার কারণে এই সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।
বিশ্বব্যাপী সাম্প্রতিক সময়ে সাইবার এবং র্যানসমওয়্যার হামলার মাত্রা বাড়তে থাকায় ব্রিটেনের বিভিন্ন প্রতিষ্ঠানও একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরাধীরা অত্যাধুনিক কৌশলে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির করে দিচ্ছে এবং সংবেদনশীল তথ্যকে ঝুঁকির মুখে ফেলছে।
গত মাসেই ব্রিটিশ খুচরা বিক্রেতা মার্কস অ্যান্ড স্পেনসার (এম অ্যান্ড এস) প্রায় চার মাস বন্ধ থাকার পর সাইবার হামলার ধাক্কা কাটিয়ে আবারও অনলাইনে ‘ক্লিক অ্যান্ড কালেক্ট’ অর্ডার নেওয়া শুরু করে। এর আগে এপ্রিলে খুচরা প্রতিষ্ঠান কো-অপ গ্রুপের সিস্টেমেও হ্যাকাররা অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল।
বিশ্লেষকদের মতে, জাগুয়ার ল্যান্ড রোভারের ওপর সাম্প্রতিক এই আক্রমণ শুধু প্রতিষ্ঠানটির বিদ্যমান ব্যবসায়িক চ্যালেঞ্জকে আরও জটিল করেনি, বরং ব্রিটেনের করপোরেট নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।